আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যানজটের কলকাতাকে ঘিরে ২৫০ কিমির রিং রোড! ১৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ঘোষণা নীতীনের, সড়কপথে জুড়বে গঙ্গাসাগরও

Published on: November 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ নভেম্বরঃ শহর কলকাতার সঙ্গে যানজটের সম্পর্ক যেন দীর্ঘদিনের। ব্যস্ত রাস্তা, ঘন জনবসতি, ক্রমবর্ধমান গাড়ির সংখ্যা আর সীমিত সড়ক পরিকাঠামো সব মিলিয়ে প্রতিদিনই নাকাল হতে হয় শহরবাসীকে। অফিসযাত্রী থেকে স্কুলপড়ুয়া, যানজটের ফাঁসে আটকে সময় নষ্ট হয় হাজার হাজার মানুষের। এ বার সেই চেনা ছবিটাই বদলে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের। তিলোত্তমাকে যানজটমুক্ত করতে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। বৃহস্পতিবার মেদিনীপুরের সভামঞ্চ থেকে তাঁর ঘোষণা, এই প্রকল্পে খরচ হবে প্রায় ১৪ হাজার কোটি টাকা। শুধু কলকাতা নয়, সড়ক যোগাযোগের মানচিত্রে গঙ্গাসাগরকেও নতুন করে যুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে একাধিক সড়ক প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করেন গড়করি। সেখানেই কলকাতার যানজট ও দূষণ মোকাবিলায় কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মন্ত্রীর কথায়, দিল্লিতে শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন, তখনই কলকাতাকে যানজট ও দূষণমুক্ত করার জন্য পরিকল্পনা তৈরির কথা বলেছিলেন তিনি। এ বার সেই লক্ষ্যেই ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোডের ঘোষণা। তবে প্রকল্পের ঘোষণা করেই থেমে থাকতে চান না কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কলকাতার জন্য কোন মডেল বেছে নিতে চাইছে কেন্দ্র? এ ক্ষেত্রে দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি পুণে ও চেন্নাইয়ের পরিবহণ পরিকাঠামোর উদাহরণ টানেন গড়করি। তাঁর প্রস্তাব, একই জায়গায় একাধিক স্তরে রাস্তা তৈরি করে যানবাহনের চাপ ভাগ করে দেওয়া যেতে পারে। কোথাও নীচে সাধারণ রাস্তা, তার উপরে উড়ালপুল, তারও উপরে অন্য উড়ালপুল কিংবা মেট্রো এমন বহুতল পরিবহণ পরিকাঠামো গড়ে তোলার ভাবনা রয়েছে। মন্ত্রীর কথায়, পুণে ও চেন্নাইয়ে একটি পিলারের উপর একাধিক স্তরের সেতু তৈরি হয়েছে। কলকাতাতেও এমন মডেল কার্যকর করা সম্ভব। এতে যেমন মেট্রো সম্প্রসারণের সুযোগ বাড়বে, তেমনই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানবাহনের চাপ কমানো যাবে।

গড়করির বক্তব্য, দিল্লি ও মুম্বইকে উন্নত শহর হিসেবে গড়ে তোলার কাজ করেছে কেন্দ্র। এবার কলকাতার পালা। তাঁর কথায়, ‘‘দিল্লি, মুম্বইকে আমরা উন্নত শহর হিসাবে তৈরি করেছি। এবার কলকাতার পালা।’’

এ দিনের মঞ্চ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। সড়কপথে গঙ্গাসাগরকে যুক্ত করার জন্য বিশেষ রাস্তা তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। শুভেন্দুর দিকে তাকিয়ে গড়করি বলেন, গঙ্গাসাগরের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ গড়ে তোলার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই আবেদন মেনে প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের যাতায়াত অনেক সহজ হবে বলে আশা তাঁর।

উল্লেখ্য, গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার ধাঁচে সাজিয়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। জাতীয় মেলার স্বীকৃতি আদায়ের উদ্যোগও রয়েছে। সেই লক্ষ্য পূরণে উন্নত সড়ক যোগাযোগ অত্যন্ত জরুরি। ফলে গঙ্গাসাগর প্রকল্পের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ।

সব মিলিয়ে, কলকাতার যানজট নিয়ন্ত্রণ থেকে গঙ্গাসাগরের সঙ্গে যোগাযোগ দুই ক্ষেত্রেই বড় পরিকাঠামোগত বদলের ইঙ্গিত দিল কেন্দ্র। তবে ২৫০ কিলোমিটারের রিং রোডের বাস্তব রূপায়ণ, ডিপিআর এবং কাজ শুরুর সময়সীমা এখনও চূড়ান্ত নয়। এখন দেখার, ঘোষণার মঞ্চ পেরিয়ে কবে বাস্তবে বদলায় কলকাতার সড়ক যোগাযোগের চেনা ছবি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘সংবিধান দিবস পালনের অধিকার নেই বিরোধীদের’, জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে কংগ্রেস-ইন্ডি জোটকে তীব্র আক্রমণ শুভেন্দুর

বাংলার রাস্তাতেও নামবে রাফালে! ২৭ হাজার কোটির সড়ক প্রকল্পে নীতীনকে শুভেন্দুর বিশেষ আবদার, নজরে ‘চিকেন নেক’

ভূমি সংস্কার নিয়ে কোচবিহারে শুভেন্দুর মন্তব্যে তীব্র বিতর্ক! ‘জমিদারদের স্বার্থরক্ষাই বিজেপির লক্ষ্য’, পাল্টা তোপ বামেদের

‘পাঁচ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়’, কোলাঘাট থেকে এক লক্ষ কোটির নতুন প্রকল্পের প্রতিশ্রুতি গড়কড়ির

বাংলার সড়ক-মানচিত্রে বড় বদলের প্রতিশ্রুতি! ২৭ হাজার কোটির প্রকল্পে উত্তর-দক্ষিণে সংযোগের নতুন দিশা

মাথাভাঙায় ই-অটো ও ভটভটির মুখোমুখি সং/ঘর্ষ, গুরুতর আ/হত তিন যাত্রী! আশঙ্কাজনক একজন

Leave a Comment