খবরিয়া ২৪ ডেস্ক, ৯ জানুয়ারিঃ আগামীকাল শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলা বিজেপির এক গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দিতে শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক ইডি অভিযানের প্রসঙ্গ টেনে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
শমীক ভট্টাচার্যের অভিযোগ, পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে যখনই তদন্ত শুরু হয়, তখনই শাসক দল রাজনৈতিক নাটক শুরু করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাঁর দাবি, ইডি বা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যে এলেই তৃণমূল নেতৃত্ব অকারণে উত্তেজনা সৃষ্টি করছে এবং সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, তাদের তদন্ত নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কিন্তু তৃণমূল নেতারা তদন্ত মানেই আতঙ্কিত হয়ে পড়ছেন।”
রাজ্য বিজেপি সভাপতির আরও অভিযোগ, কয়লা পাচার, গরুপাচার, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিসহ একাধিক দুর্নীতির মামলায় রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব জড়িত বলেই তদন্ত এগোলে প্রতিবাদ ও বিক্ষোভের রাজনীতি শুরু হয়। তাঁর কটাক্ষ, দুর্নীতির জবাব আইনি পথে না দিয়ে রাস্তায় নেমে চাপ সৃষ্টির চেষ্টা করছে তৃণমূল।
শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলি আদালতের নির্দেশ ও আইন মেনেই তদন্ত চালাচ্ছে। সেখানে রাজ্য সরকার যদি তদন্তে সহযোগিতা না করে, তাহলে সেটাই প্রমাণ করে যে তারা দুর্নীতিকে আড়াল করতে চাইছে। তিনি আরও দাবি করেন, বাংলার মানুষ এখন সব বুঝে গেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে বিজেপির অবস্থানকে সমর্থন করছেন।
শনিবার শিলিগুড়ির জনসভা নিয়ে আশাবাদী শমীক ভট্টাচার্য জানান, এই সভা থেকে উত্তরবঙ্গের মানুষকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে বিজেপি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের পক্ষে। তিনি বলেন,“বাংলাকে বাঁচাতে হলে তৃণমূলের দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি দরকার।”
রাজনৈতিক মহলের মতে, ইডি হানা ও তার পরবর্তী রাজনৈতিক তরজা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। শিলিগুড়ির জনসভা থেকে বিজেপি নেতৃত্ব কী বার্তা দেয়, সেদিকেই এখন নজর।





