কলকাতা, ৩০ অক্টোবরঃ সম্পর্কের শুরুতে বিয়ের প্রতিশ্রুতি। সেই আশ্বাসে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। অভিযোগ, একাধিকবার শহরের বিভিন্ন হোটেলে তরুণীর সঙ্গে সহবাস করেন জিএসটি দফতরের এক ইন্সপেক্টর। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের প্রসঙ্গ উঠতেই বদলে যায় পরিস্থিতি। তরুণীর দাবি, বিয়েতে রাজি না হয়ে উল্টে মুখ বন্ধ রাখতে তাঁকে ৩০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেন ওই যুবক। এমনই অভিযোগ ঘিরে বাগুইআটি থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে পুলিশ সূত্রে খবর।
অভিযুক্তের নাম দীপায়ন রায়। উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরের বিটি কলেজ এলাকার বাসিন্দা তিনি। তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই দীপায়নের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তাঁরা। সেই সম্পর্কের সূত্র ধরেই বিয়ের প্রতিশ্রুতি দেন যুবক। তরুণীর দাবি, অতি শীঘ্রই আইনি বিয়ে সেরে নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি।
অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েই শহরের বিভিন্ন জায়গার হোটেলে একাধিকবার তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান দীপায়ন। কিন্তু সময় গড়ালেও বিয়ের বিষয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি। কথার সঙ্গে কাজের মিল না পেয়ে শেষ পর্যন্ত বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন তরুণী। তখনই বেঁকে বসেন যুবক। একপর্যায়ে স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিয়ে করতে চান না বলে অভিযোগ।
এর পরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তরুণী থানায় যাওয়ার কথা জানালে তাঁকে ৩০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। তবে সেই প্রস্তাবে রাজি না হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী।
অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই দীপায়নের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।





