নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেলেন ‘কালীঘাট তৃণমূলে’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানালেও তা খারিজ করে দিয়েছে আদালত। ফলে বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত মামলার শুনানির জন্য নির্ধারিত তালিকা অনুযায়ীই অপেক্ষা করতে হবে তাঁকে।
জানা গিয়েছে, কয়েক বছর আগে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে একটি গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লাগে। এরপর থেকে দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর বিদেশেও চিকিৎসা করাতে গিয়েছিলেন সাংসদ। চিকিৎসকদের পরামর্শে ফের একবার বিদেশে গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে বলেই আদালতে দাবি করেছেন তাঁর আইনজীবীরা।
তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন অভিযোগের তদন্তের প্রেক্ষিতে তিনি আদালতের কাছ থেকে রক্ষাকবচ পেয়েছেন। সেই রক্ষাকবচের অন্যতম শর্ত হল, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সেই কারণেই বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে এক সপ্তাহের সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার হাই কোর্টে আবেদন জানান তিনি।
আদালতে তাঁর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়ে বলেন, বিষয়টি চিকিৎসাজনিত এবং সময়সাপেক্ষ হওয়ায় জরুরি ভিত্তিতে শুনানি প্রয়োজন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করেননি। আদালতের স্পষ্ট নির্দেশ, মামলাটি যে ক্রমে তালিকাভুক্ত রয়েছে, সেই ক্রম মেনেই শুনানি হবে। আলাদা করে দ্রুত শুনানির কোনও সুযোগ দেওয়া হবে না।
ফলে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়ল। এখন আদালতের নির্ধারিত সময়েই মামলার শুনানি হবে এবং সেই শুনানির ফলাফলের উপরই নির্ভর করবে তাঁর বিদেশযাত্রার অনুমতি মিলবে কি না। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।





