কোচবিহার, ২৯ অক্টোবরঃ রুটিন চেকিং চলাকালীন বালুবোঝাই ট্রাক আটক করল সদর ট্রাফিক পুলিশ। ট্রাকে থাকা বালুর বৈধ চালান ও রয়্যালটির কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে চালককে আটক করা হয়েছে। ট্রাকটি সিতাইয়ের দিকে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কোচবিহার শহরের ৪ নম্বর এলাকায় নিয়মিত যানবাহন পরীক্ষার সময় একটি বালুবোঝাই ট্রাককে দাঁড় করান সদর ট্রাফিক পুলিশের আধিকারিকরা। এরপর ট্রাকের প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। সেই সময় বালু পরিবহণের বৈধ চালান ও রয়্যালটির কাগজপত্র চাওয়া হলে চালক তা দেখাতে পারেননি বলে অভিযোগ।
এর পরেই বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। ট্রাক-সহ চালককে থানায় নিয়ে যাওয়া হয়।
বালু পরিবহণের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আটক ট্রাকটির বালু কোথা থেকে আনা হয়েছিল এবং পরিবহণের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার বিষয়। এ ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।





