পূর্ব বর্ধমান, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোটে পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্র জুড়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় এলোপাথাড়ি লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুথ চত্বর, রাস্তার ধারে কিংবা কোথাও জটলা দেখলেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিন একাধিক জায়গায় সাধারণ মানুষকে আতঙ্কে ছুটতে দেখা যায়। কোথাও আবার তৃণমূল কর্মীদের দৌড়ে পালাতে দেখা গেছে। এই পরিস্থিতিকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ না থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে। তৃণমূল প্রার্থী অলক মাঝি সরাসরি অভিযোগ করে বলেন, “কেন্দ্রের শাসক দলকে খুশি করতে লাঠিচার্জ করা হচ্ছে। তৃণমূল কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এতে কোনও লাভ হবে না।”
তৃণমূলের আরও দাবি, ভোটের আগের রাত থেকেই বেছে বেছে তাদের প্রার্থী ও কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই কেন্দ্রীয় বাহিনীকে দেখেই বুথের কাছ থেকে সরে যাচ্ছেন বলে অভিযোগ।
যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সবমিলিয়ে, নিরাপত্তা বজায় রাখতে কড়া পদক্ষেপ না কি রাজনৈতিক পক্ষপাত এই প্রশ্নকে কেন্দ্র করে গলসিতে দ্বিতীয় দফার ভোট ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে।
“নিরাপত্তা না পক্ষপাত?”, গলসিতে কেন্দ্রীয় বাহিনীর ‘অ্যাকশন’ ঘিরে বিতর্ক, লাঠিচার্জের অভিযোগে উত্তপ্ত এলাকা
Published on: April 29, 2026
---Advertisement---





