ফুলবাড়ি, ১৩ মার্চঃ নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ তুলে পথ অবরোধে শামিল হল ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালোবাসা মোড় এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তা মেরামতির কাজে বাধা দেন এবং সাময়িকভাবে অবরোধ গড়ে তোলেন।
এলাকাবাসীদের অভিযোগ, প্রায় সাত থেকে আট বছর ধরে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে নিত্যদিন যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে এই রাস্তার উপর দিয়ে দিনরাত ভারী ডাম্পার, ট্রলার ও ট্রাক চলাচল করায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের জন্য প্রায় ১৭ লক্ষ ১৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেই টাকা খরচ করে সঠিকভাবে রাস্তা নির্মাণ না করে শুধু বালি ফেলে কাজ সারার চেষ্টা করা হচ্ছিল। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা।
এই অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তাদের বক্তব্য, সঠিক মান বজায় রেখে পাকা ও টেকসই রাস্তা তৈরি না করা হলে তারা কোনোভাবেই কাজ চালাতে দেবেন না।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে পারেন তারা।





