কলকাতা, ২৬ নভেম্বরঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙনের সুর ক্রমশ চড়েছে। এক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কালীঘাট শিবির, অন্য দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল। দলের নাম ও প্রতীক নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক সংঘাতও অব্যাহত। এই আবহেই এ বার ঋতব্রত শিবিরকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্যের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। শুধু বিরোধী শিবির নয়, মন্ত্রীর মন্তব্যে অস্বস্তি তৈরি হয়েছে বিজেপির অন্দরেও বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকে বক্তব্য রাখছিলেন শারদ্বত। সেই বৈঠকেরই কিছু অংশ ফেসবুকে পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্যের কিছুটা অংশ। আমার শুনে বেশ ভালো লাগল। আপনাদের কেমন লাগল জানাবেন।’’ এরপর থেকেই ভিডিওটি ঘিরে শুরু হয় জোর চর্চা।
ভিডিওতে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘একটা মৃত তৃণমূল। আরেকটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঋতব্রত তৃণমূলের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে। যেদিন হাত সরিয়ে নেবে সেদিন ও শেষ হয়ে যাবে।’’ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ২৮০ জনের সমর্থন পাওয়ার দাবি নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী এমনিই বলেননি যে, চাইলে ২৮০ জনের সমর্থন পাবেন।’’
শারদ্বতের এই বক্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, ঋতব্রত শিবির নিজেদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিরোধী বলে দাবি করলেও তাদের পিছনে বিজেপি সরকারের পরোক্ষ সমর্থন রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে কালীঘাট শিবির। তাদের বক্তব্য, সেই কারণেই বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত শোভন চট্টোপাধ্যায়ের নাম গুরুত্ব পায়নি এবং শেষ পর্যন্ত বিরোধী দলনেতার দায়িত্ব পান ঋতব্রত। স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যকে সেই অভিযোগেরই ইঙ্গিতপূর্ণ স্বীকৃতি বলে ব্যাখ্যা করছে কালীঘাট তৃণমূল।
বিতর্কের আঁচ পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি যেটুকু বুঝেছি, সেটা হল, আমাদের বিরোধীরা এই মুহূর্তে অস্তিত্বহীন, সেইটাই বলার চেষ্টা করছেন। বাকি উনি ঠিক কী বলতে চেয়েছেন, সেটা ওঁর কাছ থেকেই শুনুন।’’
অন্য দিকে, ঋতব্রত শিবিরও মন্ত্রীর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে। ওই শিবিরের বিধায়ক আখরুজ্জামানের হুঁশিয়ারি, ‘‘শারদ্বত মুখোপাধ্যায় এবার দেখবেন বিরোধিতা কাকে বলে।’’ পালটা কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের দাবি, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যেই ঋতব্রত শিবিরের মুখোশ খুলে গিয়েছে।
সব মিলিয়ে, তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই শারদ্বতের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। ঋতব্রত শিবিরের রাজনৈতিক অবস্থান নিয়ে যে প্রশ্ন কালীঘাট শিবির এত দিন তুলে এসেছে, এবার শাসকদলের এক মন্ত্রীর বক্তব্যকে সামনে রেখেই সেই বিতর্ক আরও জোরালো করার সুযোগ পেল বিরোধীরা।





