কলকাতা, ২৬ নভেম্বরঃ ভোটের ময়দানে তোলাবাজির বিরুদ্ধে ছিল তাঁর গলা। বদলের বাংলায় সেই একই অভিযোগ উঠছে নিজের দলের কর্মীদের বিরুদ্ধে! আর তাতেই এ বার আর বিরোধীদের আক্রমণের অপেক্ষায় না থেকে নিজেই পথে নামলেন হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। বুধবার জয়গাছি সংলগ্ন সুতিবস্ত্র হাটে মাইক হাতে দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের কাছে তাঁর আবেদন, কাউকে এক টাকাও তোলা দেবেন না। ভয় না পেয়ে সরাসরি থানায় অভিযোগ জানান। এমনকি তোলাবাজির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নিজের দলের কর্মী হলেও রেয়াত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক।
ঘটনার সূত্রপাত বিধায়কের নাম করে বিজেপি কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসায়। ব্যবসায়ীদের একাংশের কাছে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে এলাকায় অস্বস্তি তৈরি হয়। সেই পরিস্থিতিতে বুধবার কার্যত প্রচারের ভঙ্গিতেই হাটে নামেন দেবদাস। হাতে মাইক নিয়ে একের পর এক দোকানে গিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন, তোলাবাজির কোনও ঘটনা বরদাস্ত করা হবে না। কেউ ভয় দেখিয়ে টাকা চাইলে তাঁকে যেন কোনওভাবেই টাকা না দেওয়া হয়। বরং সাহস করে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি।
বিধায়কের বক্তব্যেও ছিল যথেষ্ট কড়া সুর। দেবদাস বলেন, ‘‘হাবড়ায় এক টাকাও তোলাবাজি কাউকে করতে দেব না। কেউ তোলাবাজি করলে থানায় অভিযোগ করতে বলেছি। আমার কাছে খবর এলে, তিনি যেই হোন না কেন, তাঁর হাঁটুর মালাইচাকি ভেঙে দেব। তিনি আমার দলের কর্মী হলেও।’’ অর্থাৎ, তোলাবাজির অভিযোগে অভিযুক্তের রাজনৈতিক পরিচয়কে যে কোনও গুরুত্ব দেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
তবে বিধায়কের এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ভোটের আগে তৎকালীন পুর চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহাকে ‘কালীচরণ’ বলে কটাক্ষ করেছিলেন দেবদাস। হাবড়া পুরসভার ২৪টি ওয়ার্ডের দুর্নীতির ফাইল তাঁর হাতে রয়েছে বলেও দাবি করেছিলেন। ভোটে জিতলে সেই ফাইল খুলে অভিযুক্তদের জেলে পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি বলে অভিযোগ বিরোধীদের। এবার নিজের দলের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ ওঠায় বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।
সিপিএমের হাবড়া এরিয়া কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্তের প্রশ্ন, তোলাবাজ কারা, তা যদি বিধায়ক জানেন, তা হলে থানায় অভিযোগ না করে মাইক হাতে প্রচারে নামছেন কেন? একই প্রশ্ন তুলেছেন হাবড়া শহর কংগ্রেস সভাপতি প্রণব ভট্টাচার্যও। তাঁর বক্তব্য, অভিযোগ থাকলে পুলিশের দ্বারস্থ হওয়াই উচিত।
উল্লেখ্য, রাজ্যে সরকার বদলের পর থেকেই তোলাবাজি ও সিন্ডিকেটরাজের বিরুদ্ধে একাধিকবার কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য নেতৃত্বও এ বিষয়ে দলীয় কর্মীদের সতর্ক করেছে। তবু বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির অভিযোগ সামনে আসায় অস্বস্তিতে শাসক শিবির। সেই আবহে হাবড়ার বিজেপি বিধায়কের নিজের দলের বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তায় নামা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
প্রশ্ন উঠছে, বিধায়কের এই হুঁশিয়ারিতে কি সত্যিই স্বস্তি ফিরবে হাটের ব্যবসায়ীদের মনে? নাকি তোলাবাজির অভিযোগের নিষ্পত্তি শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই নির্ভর করবে? আপাতত হাবড়ার রাজনৈতিক মহলে সেই জল্পনাই তুঙ্গে।





