আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বারবার সতর্কবার্তাতেও কাজ হয়নি! শৃঙ্খলাভঙ্গে ২২ নেতাকে শোকজ, সাসপেনশনের পথে বিজেপি?

Published on: November 14, 2026
---Advertisement---

কলকাতা, ১৪ নভেম্বরঃ ক্ষমতায় আসার পর থেকেই বারবার সতর্কবার্তা। কখনও শুভেন্দু অধিকারী, কখনও শমীক ভট্টাচার্য দলের নেতা-কর্মীদের স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমতার দাপট দেখিয়ে যা খুশি করা চলবে না। বিরোধীদের পার্টি অফিস দখল, ভাঙচুর কিংবা বলপ্রয়োগের রাজনীতি বরদাস্ত করা হবে না। কিন্তু শীর্ষ নেতৃত্বের সেই বার্তায় যে নিচুতলার একাংশের বিশেষ হেলদোল হয়নি, তা ফের সামনে এল। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ বার ২২ জন নেতা-কর্মীকে শোকজ করল বিজেপি। সূত্রের খবর, তালিকায় রয়েছেন বিভিন্ন জেলার মণ্ডল সভাপতি, বুথ সভাপতি এবং এক জেলা সভাপতিও। তাঁদের জবাবে নেতৃত্ব সন্তুষ্ট না হলে সাসপেনশনের মতো কড়া পদক্ষেপ করা হতে পারে।

সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে দলবিরোধী কাজ থেকে শুরু করে দলের নির্দেশ অমান্য করে অন্য দলের কার্যালয় বলপূর্বক দখলের মতো গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলা থেকে একের পর এক অভিযোগ জমা পড়ছিল দলের অন্দরে। সেই অভিযোগগুলিই খতিয়ে দেখে সংশ্লিষ্টদের কাছে জবাব চেয়েছে নেতৃত্ব। তবে অভিযোগ উঠলেই যে কাউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এমন নয়। শোকজের জবাব পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর।

আসলে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্যতম লক্ষ্য ছিল, তৃণমূল জমানার কথিত ‘দখল সংস্কৃতি’র পুনরাবৃত্তি ঠেকানো। বিরোধী দলের কার্যালয় দখল কিংবা রাজনৈতিক প্রতিহিংসার পথে না হাঁটার বার্তা একাধিক বার দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন ঘটনায় দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু তার পরেও সংগঠনের নিচুতলায় একাংশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় অস্বস্তিতে নেতৃত্ব।

শুক্রবার দলের অন্দরের অরাজকতা নিয়ে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “দলের কোনও কোনও মণ্ডল সভাপতি ভাবছেন, তাঁরাই পুলিশমন্ত্রী। আবার কোনও কোনও জেলায় কয়েকজন পুলিশও ভাবছে, তাঁরা যেন মণ্ডল সভাপতি। এসব কোনওটাই চলবে না।” অর্থাৎ সংগঠনের দায়িত্ব আর প্রশাসনিক ক্ষমতার সীমারেখা যে স্পষ্ট থাকা প্রয়োজন, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

একই সুর শোনা গিয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যেও। তাঁর কথায়, পুলিশ বা সংগঠনের কোনও পদাধিকারীই নিজের দায়িত্বের সীমা ছাড়িয়ে অন্যের ভূমিকা পালন করতে পারেন না। মণ্ডল সভাপতিদের কাজ সংগঠন সামলানো। প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে।

সব মিলিয়ে, বারবার সতর্কবার্তার পরেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ না কমায় এ বার কড়া অবস্থান নিতে চাইছে বিজেপি নেতৃত্ব। ২২ জনের শোকজের জবাবের দিকেই এখন নজর। দলীয় শৃঙ্খলা রক্ষায় শেষ পর্যন্ত কত জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment