মাথাভাঙ্গা, ১৪ নভেম্বরঃ বাড়ির উঠোনের পাশেই চলছিল ফুটবল খেলা। খেলতে খেলতেই বল গড়িয়ে পড়ে বাড়ির পিছনে জমে থাকা জলভরা গর্তে। সেই বল তুলতে গিয়েই কি বিপত্তি? প্রাথমিক ভাবে তেমনই অনুমান। কিছুক্ষণের মধ্যেই আনন্দের খেলার পরিণতি হল ভয়াবহ দুর্ঘটনায়। জলভরা গর্ত থেকে উদ্ধার হল দুই শিশুর নিথর দেহ। শনিবার মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম ইরফান হক (৭) এবং রোহিত আলম (৫)। সম্পর্কে তারা কাকাতো ভাই। বাড়ির পাশেই ফুটবল খেলছিল দু’জনে। খেলার মাঝে বলটি কোনও ভাবে বাড়ির পিছনে থাকা জলভর্তি একটি গর্তে গিয়ে পড়ে। বলটি উদ্ধার করতে গিয়েই দুই শিশু জলে তলিয়ে যায় বলে প্রাথমিক অনুমান।
ঘটনার সময় পরিবারের সদস্যরা ধান কাটা-সহ নানা কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে কখন যে দুই শিশু বাড়ির পিছনের দিকে চলে যায়, তা প্রথমে কারও নজরে আসেনি। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন। শুরু হয় খোঁজাখুঁজি। বাড়ির আশপাশে খুঁজতে খুঁজতেই শেষ পর্যন্ত জলভরা গর্তে দুই শিশুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে বল তুলতে গিয়ে জলে পড়ে যাওয়ার সম্ভাবনার কথাই মনে করা হচ্ছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তদন্তের পরই স্পষ্ট হবে।
একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে গোটা গোপালগঞ্জ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়ির আশপাশে কিছুক্ষণ আগেও দুই খুদের খেলাধুলায় মুখর থাকার কথা, সেখানে এখন শুধুই কান্না আর শোকের পরিবেশ। দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।





