কোচবিহার, ২৭ মেঃ পবিত্র ঈদ উপলক্ষে কোচবিহারের কোচবিহার জেলখানা ডাইরি ফার্ম মসজিদ ও নতুন মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সকাল থেকেই দুই মসজিদে ভিড় জমান ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। নতুন পোশাক পরে ছোট থেকে বড় সকলেই ঈদের জামাতে অংশ নেন।
ইমামের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের পর দেশ, জাতি ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই আবহে আনন্দে মেতে ওঠেন সকলে।
এদিন মসজিদ চত্বরজুড়ে ছিল উৎসবের পরিবেশ। বহু মানুষ পরিবার-পরিজনকে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন। শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন হওয়ায় খুশি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও।





