দিনহাটা, ৭ জুলাইঃ মাইকিং করে সতর্ক করা হয়েছিল আগেই। তাতেও চাষ বন্ধ হয়নি। অভিযোগ, বাড়ির আঙিনা থেকে চাষের জমি বিভিন্ন জায়গায় গোপনে লাগানো হচ্ছিল নিষিদ্ধ গাঁজা গাছ। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ থানার বুড়িরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেই গাছ একে একে উপড়ে নষ্ট করল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বুড়িরহাটের বিভিন্ন এলাকায় বাড়ির আশপাশ ও জমিতে লাগানো গাঁজা গাছ চিহ্নিত করে ধ্বংস করা হয়। প্রশাসনের দাবি, বারবার প্রচার ও মাইকিং করে গাঁজা চাষ না করার আবেদন জানানো হলেও অনেকেই তা মানছেন না। সেই কারণেই অভিযানে নামে পুলিশ।
পুলিশের দাবি, অবৈধ মাদক চাষের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও চলবে। কোথাও গাঁজা চাষের খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনানুগ পদক্ষেপও করা হবে বলে জানিয়েছে পুলিশ।





