আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিতাইয়ে আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যার বাড়িতে বিক্ষোভ

Published on: May 26, 2026
---Advertisement---

দিনহাটা, ২৬ মেঃ আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে সিতাইয়ে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার বাড়িতে বিক্ষোভ ও তালা ঝোলানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। মঙ্গলবার পূর্ব সিতাইয়ের ৬/৬১ নম্বর বুথ এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

অভিযোগ উঠেছে, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই প্রায় দুইশো জন স্থানীয় বাসিন্দা এদিন পঞ্চায়েত সদস্যা হরিপ্রিয়া বর্মন-এর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। ক্ষুব্ধ গ্রামবাসীরা বাড়িতে তালাও ঝুলিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই সিতাইয়ের বিভিন্ন এলাকায় আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে প্রতিবাদ চলছিল। মঙ্গলবার সেই বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। তবে বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েত সদস্যা হরিপ্রিয়া বর্মন এবং তাঁর স্বামী গজেন বর্মন বাড়িতে ছিলেন না। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই তাঁরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

বিক্ষোভে সামিল হয়ে বেহুলা বর্মন নামে এক মহিলা অভিযোগ করেন, আবাস যোজনার ঘরের জন্য তাঁর কাছ থেকে কাটমানি দাবি করা হয়েছিল। তিনি চার হাজার টাকা দিতে গেলেও সেই টাকা নিতে অস্বীকার করা হয় এবং তাঁকে ভয় দেখানো ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ।

অন্যদিকে ওই এলাকার বাসিন্দা সন্তোষ বর্মন-এর দাবি, আবাস যোজনায় ঘর তৈরির জন্য তিনি ষাট হাজার টাকা পান। সেই টাকার মধ্যে থেকে পঞ্চায়েত সদস্যার স্বামী দশ হাজার টাকা কাটমানি হিসেবে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও অমৃত বর্মন নামে আর এক বাসিন্দার অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে তিন হাজার টাকা নেওয়া হলেও এখনও পর্যন্ত তিনি কোনও ঘর পাননি।

ঘটনার খবর পেয়ে সিতাই থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে পুলিশ বাড়ির তালা খুলে দেয় এবং অভিযোগকারীদের থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেয়।

তবে এই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা হরিপ্রিয়া বর্মন বা তাঁর পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment