দিনহাটা, ১০ আগস্টঃ কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী ও সাধারণ মানুষের একাধিক দাবিকে সামনে রেখে দিনহাটায় মিছিল, অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি হল। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ এবং সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে শহরে দেখা যায় বামপন্থী সংগঠনগুলির কর্মী-সমর্থকদের জমায়েত।
দিনহাটা রেলওয়ে স্টেশন থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমাশাসকের দফতরের সামনে পৌঁছয়। সেখানে চলে অবস্থান বিক্ষোভ। পরে আন্দোলনকারীদের প্রতিনিধিরা একাধিক দাবিসংবলিত দাবিপত্র মহকুমাশাসকের হাতে তুলে দেন।
আন্দোলনকারীদের অন্যতম দাবি, কোচবিহার জেলার একমাত্র কৃষক হাসপাতাল অবিলম্বে চালু করা। হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন, ফের ওপিডি পরিষেবা চালু এবং ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিও তোলা হয়। পাশাপাশি কৃষকদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া এবং রাসায়নিক সারের কালোবাজারি বন্ধের দাবিতে সরব হন তাঁরা।
এ ছাড়াও ১০০ দিনের কাজের সময়সীমা বাড়িয়ে ২০০ দিন করা, ন্যূনতম মজুরি ৬০০ টাকা নির্ধারণ এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তার দাবি জানানো হয়। বৈধ নাগরিকদের সকলের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং পুনর্বাসন ছাড়া হকার ও বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধের দাবিও রয়েছে আন্দোলনকারীদের দাবিপত্রে।
কৃষক ও শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষার দাবিতে এ দিন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাঁদের স্লোগান, “কৃষক বাঁচাও, শ্রমিক বাঁচাও গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষা করো।”





