জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ ডুয়ার্সের বানারহাট এলাকায় সাংবাদিক সম্মেলন করল ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই তারা পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত থাকবে।
সংগঠনের সদস্যরা জানান, গ্রামীণ এলাকার বহু পরিবার আর্থিক সঙ্কটের কারণে সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। সেইসব পরিবারের ছাত্রছাত্রীদের সহায়তায় এগিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমাজে বেআইনি কার্যকলাপ ও মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে প্রয়োজনে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তাঁরা।
সভায় আরও দাবি করা হয়, বিভিন্ন সময় ইসলামিক সম্প্রদায়ের কিছু মানুষকে অকারণে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের কাছে এসেছে। এই বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে যথাযথ পদক্ষেপের দাবি জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, তারা যেভাবে সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছে, তাতে রাজ্য সরকারের স্বীকৃতি পেলে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করা সম্ভব হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে মোট আটটি জেলার ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি মাহে রমজানের ঈদের পরে নাগরাকাটা এলাকায় একটি জনসভার আয়োজন করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা। সেই সভায় ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।





