উত্তরপ্রদেশ, ২০ নভেম্বরঃ ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন এখনও বেশ কয়েক মাস দূরে। কিন্তু ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে জোটের জমি শক্ত করতে চাইছে কংগ্রেস। তারই মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করার জন্য অখিলেশ যাদবের দলকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিল হাত শিবির। অন্য দিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনসভা দিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সাহারানপুর থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার শুরু করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।
সাহারানপুরকে বেছে নেওয়ার পিছনেও রয়েছে রাজনৈতিক অঙ্ক। পশ্চিম উত্তরপ্রদেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই লোকসভা কেন্দ্রটি কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের শক্ত ঘাঁটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এখান থেকেই জয় পেয়েছিলেন তিনি। মুসলিম ও দলিত ভোটারের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে রাহুলের সভার মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সংগঠনের শক্তি প্রদর্শন করতে চাইছে কংগ্রেস। দলের জমা দেওয়া ১৮১টি সম্ভাব্য বিধানসভা আসনের তালিকায় সাহারানপুর নগর ও সাহারানপুর দেহাতও রয়েছে।
তবে জোটের আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে। কংগ্রেসের অন্দরের খবর, তারা ১০০-র বেশি জেতার মতো আসন চাইছে। অন্য দিকে, সপা নেতৃত্বের একাংশের মত, কংগ্রেসের আরও কম আসনে সন্তুষ্ট থাকা উচিত। এই টানাপড়েনের মধ্যেই দ্রুত আলোচনা শেষ করতে চাইছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রকাশ্যে জোটসঙ্গীকে আক্রমণ না করার জন্য রাজ্য নেতৃত্বকে সতর্কও করা হয়েছে।
আলোচনায় গতি আনতে আনুষ্ঠানিক সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন অখিলেশ যাদব। রাহুল গান্ধীও তাতে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর। এর আগে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য প্রিয়ঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে কংগ্রেস। কমিটিতে রয়েছেন কে সি বেণুগোপাল, রাজেন্দ্র পাল গৌতম, আরাধনা মিশ্র ও ইমরান মাসুদ।
সব মিলিয়ে উত্তরপ্রদেশে বিজেপি-বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনার চেষ্টা শুরু হয়েছে। তবে ২০২৭-এর লড়াইয়ে জোটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আসন ভাগাভাগির অঙ্ক কতটা মসৃণ হয়, তার উপর। প্রচার শুরুর আগেই তাই কংগ্রেস-সপার কাছে সবচেয়ে বড় পরীক্ষা আসন সমঝোতা।





