কলকাতা, ১ সেপ্টেম্বরঃ এক দিকে আদালতে ঝুলে থাকা মামলা, আটকে থাকা ইভিএম ও সিসিটিভি ফুটেজ। অন্য দিকে বকেয়া পুরভোট ঘিরে প্রশাসনিক প্রস্তুতি। এই দুইয়ের টানাপড়েনের মধ্যেই ভোটের ময়দানে নামার তোড়জোড় শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার বেলা ১১টায় কমিশনের দফতরে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ফলে পুরভোটের সম্ভাব্য প্রস্তুতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।
রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমের নির্বাচন এখনও বকেয়া। সেই তালিকায় কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর, বালি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরসভা রয়েছে। উত্তরবঙ্গ ও পাহাড়ের কার্শিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ির পাশাপাশি ডোমকল, পুজালি, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প এবং নলহাটিতেও ভোট বাকি।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রস্তুতির অঙ্গ হিসাবেই সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। ভোটার তালিকা, বুথ পরিকাঠামো, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হচ্ছে কি না, তা নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা নেই।
কারণ, পুরভোটের পথেই রয়েছে আইনি বাধা। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে ২৬টি নির্বাচনী মামলা এখনও বিচারাধীন। ওই মামলাগুলির কারণে বহু ইভিএম এবং নির্বাচনী প্রক্রিয়ার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে কমিশনের বক্তব্য।
কমিশনের দাবি, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ইভিএম ও ফুটেজ ব্যবহারের ক্ষেত্রে সমস্যা রয়েছে। ফলে পরবর্তী নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে গিয়ে জটিলতা দেখা দিচ্ছে।
তবে সেই আইনি জটের মধ্যেও প্রশাসনিক প্রস্তুতি থামাচ্ছে না কমিশন। আদালতের জট কাটলে যাতে দ্রুত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যায়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি সেরে রাখতে চাইছে তারা। এখন দেখার, আইনি জট কাটিয়ে পুরভোটের পথ কত দ্রুত মসৃণ হয়।





