দিনহাটা, ২৭ মেঃ বর্ষা মরশুমের আগে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় বুধবার দিনহাটা মহকুমাশাসক দপ্তরে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। এদিন দুপুরে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দিনহাটার এসডিও ভারত সিং।
সভায় উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও প্রশান্ত দেবনাথ-সহ মহকুমার তিনটি ব্লকের বিডিও, সেচ দপ্তর, কৃষি দপ্তর, বিদ্যুৎ বণ্টন দফতর, দমকল বিভাগ, স্কুল পরিদর্শক ও পৌরসভার প্রতিনিধিরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ষাকালে সম্ভাব্য জল জমা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নিচু এলাকা চিহ্নিতকরণ, সেচ দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে যৌথ পরিদর্শন, বন্যা ত্রাণ কেন্দ্র প্রস্তুত রাখা এবং জরুরি পরিষেবা সচল রাখার বিষয়গুলির উপর জোর দেওয়া হয়।
এছাড়াও বিভিন্ন দপ্তরের বর্তমান প্রস্তুতি ও সমন্বয় নিয়েও পর্যালোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগাম সতর্কতা ও সমন্বিত প্রস্তুতির মাধ্যমে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যেই এই বৈঠক আয়োজন করা হয়েছে।
বর্ষার আগে প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দারা।





