কলকাতা, ১৫ জুনঃ বর্ষার আগমন হলেও গরমের দাপট এখনও কমেনি। ফলে এসি, কুলার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের বিদ্যুৎ বিলও বাড়ছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা’। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের সুবিধা এবার রাজ্যের সাধারণ মানুষও পেতে পারবেন বলে জানানো হয়েছে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো এবং পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানো। প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের জন্য সরকার ভর্তুকিও দেবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ১ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেলের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।
প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সরকারি পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া অনুমোদিত ভেন্ডারের সাহায্যেও আবেদন করার সুযোগ রয়েছে। রাজ্যজুড়ে আয়োজিত জনকল্যাণ শিবির থেকেও এই প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ ও আবেদন করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই এই যোজনাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।





