পাণ্ডবেশ্বর, ১১ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে ‘হাজার কোটি টাকার ডিল’ ইস্যুকে ঘিরে রাজ্য রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর-এর গোপন সমঝোতার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।এই আবহেই শনিবার পাণ্ডবেশ্বরের জনসভা থেকে বিরোধীদের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন তৃণমূলের তারকা প্রচারক প্রতীক উর রহমান।
রাঙ্গামাটি এলাকায় তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী-র সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতীক অভিযোগ করেন, “বিজেপি, আরএসএসের সঙ্গে রাতের অন্ধকারে সিপিএম, আইএসএফ এবং হুমায়ুন কবীরের দল জোট করেছে। তাদের মধ্যে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে।” যদিও এই অভিযোগের কোনও স্বাধীন প্রমাণ সামনে আসেনি।
এদিন আইএসএফকেও তীব্র কটাক্ষ করেন প্রতীক। সম্প্রতি তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া আরাবুল ইসলাম-কে টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এখন আর আরাবুলকে নিয়ে সমস্যা হচ্ছে না?” পাশাপাশি আইএসএফ নেতৃত্বের উদ্দেশে তাঁর প্রশ্ন, “রাতের অন্ধকারে কোন নেতা বিজেপির সঙ্গে সেটিং করেছে? কত টাকা পেয়েছে?”
প্রতীক আরও দাবি করেন, সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতেই এই সমস্ত রাজনৈতিক সমীকরণ তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “মুখে সেকুলার বলা হলেও বাস্তবে মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধা করা হচ্ছে।”
সভা থেকে তিনি বিজেপিকেও বাংলা-বিরোধী বলে কটাক্ষ করেন। পাশাপাশি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রতীক বলেন, “মানুষের মধ্যে তৃণমূলের প্রতি আস্থা রয়েছে। আমরা এখানে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব।”সভায় তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে এই ধরনের বিস্ফোরক অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।





