শীতলকুচি, ১৯ ডিসেম্বর : শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট ধাপেরচাত্রা এলাকায় শুক্রবার একযোগে নিকাশি নালা নির্মাণ ও রাস্তার কাজের সূচনা হলো। দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটতে চলায় খুশির হাওয়া বইছে এলাকাজুড়ে।
এদিন আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন শীতলকুচি মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তপন কুমার গুহ, উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন।কোচবিহার জেলা পরিষদের সদস্যা শেফালী বর্মন, গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান কনক চন্দ্র বর্মন।
তপন কুমার গুহ জানান, কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে ছোট ধাপেরচাত্রা এলাকায় ১৭২ মিটার নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে।
একই সঙ্গে গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ফিফটিন ফিনান্স তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ১৬০ মিটার রাস্তার কাজও শুরু হয়েছে।দীর্ঘদিন ধরে জল জমে থাকা ও কাঁচা রাস্তার দুর্ভোগে নাজেহাল ছিলেন স্থানীয় বাসিন্দারা। নিকাশি নালা ও রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তি পেলেন সাধারণ মানুষ।





