দিনহাটা, ২৭ মেঃ সিতাই ব্লকের চামটা অঞ্চলে কাটমানি আদায়ের অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়াল। গুঞ্জরির চওড়া ৬/৮৯ নম্বর বুথ এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য দিননাথ বর্মনের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন একাধিক উপভোক্তা ও গ্রামবাসী।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে নাম তোলা এবং সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা।
গ্রামবাসীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় এই ধরনের অনিয়ম চলছে। সরকারি সুবিধা পেতে গেলে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষকে আর্থিকভাবে চাপের মুখে পড়তে হচ্ছে। ফলে ক্ষুব্ধ বাসিন্দারা এদিন সরাসরি প্রতিবাদে নামেন।
বিক্ষোভ চলাকালীন এলাকায় কিছু সময় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য দিননাথ বর্মন-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।





