নিজস্ব সংবাদদাতা, কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি মিলল না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মামলার জরুরি শুনানির আবেদন জানানো হলেও সোমবার তা খারিজ করে দেয় আদালত। বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, এই আবেদনকে অগ্রাধিকার দিয়ে শুনানির কোনও অবকাশ নেই। ফলে নির্ধারিত আইনি প্রক্রিয়াতেই এগোবে মামলাটি।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানান। আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশে যেতে হয়। সেই কারণেই দ্রুত অনুমতি প্রয়োজন। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে এই মামলার শুনানি সম্ভব নয়। ফলে আবেদনটি আপাতত গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, এর আগেও গত সপ্তাহে একই ধরনের আবেদন জানানো হয়েছিল। সেবারও জরুরি শুনানির আর্জি খারিজ করেছিল হাই কোর্ট। পরপর দু’বার একই আবেদন নাকচ হওয়ায় বিদেশে চিকিৎসার জন্য তাঁর যাত্রা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।
২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। সেই ঘটনায় তাঁর চোখে গুরুতর আঘাত লাগে। এরপর থেকে সিঙ্গাপুর ও আমেরিকায় একাধিকবার চিকিৎসা করাতে হয়েছে তাঁকে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে তাঁর চোখে অস্ত্রোপচারও হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনও নিয়মিত ফলো-আপ ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যেতে হয়।
সেই চিকিৎসার প্রয়োজনেই ফের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু আদালতের অবস্থান স্পষ্ট মামলার শুনানি নির্ধারিত আইনি প্রক্রিয়াতেই হবে, বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে না। ফলে এখন পরবর্তী শুনানির দিকেই নজর রাজনৈতিক ও আইন মহলের।





