কোচবিহার, ২৭ মেঃ কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের জামাই বাজার সংলগ্ন এলাকায় একটি বহু পুরনো পাকুর গাছের বড় অংশ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে হঠাৎ একটি বিকট আওয়াজ শুনে এলাকাবাসীরা বাইরে বেরিয়ে এসে দেখতে পান, গাছটির একটি বিশাল ডাল পাশের একটি দোকানের উপর ভেঙে পড়েছে।
ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স ও বিদ্যুৎ দফতরে। গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়ায় রাত থেকেই গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার পৌরসভার কর্মীরা এবং সিভিল ডিফেন্সের আধিকারিকরা।
বর্তমানে দ্রুতগতিতে গাছ কাটার ও সরানোর কাজ চলছে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি, তবে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।




