বর্ধমান, ১২ এপ্রিলঃ ভোটমুখী বাংলায় রাজনৈতিক উত্তাপের পারদ আরও বাড়ালেন মমতা ব্যানার্জী। রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। তাঁর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই একটি বিশেষ ‘অপারেশন’ শুরু হতে পারে।
সভা থেকে মমতা ব্যানার্জী বলেন, “ভোটের মেশিন খুব সাবধান। এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে।” তিনি আরও দাবি করেন, এই ধরনের পরিকল্পনার খবর তাঁদের কাছেও পৌঁছাচ্ছে এবং টেলিভিশনে ভুয়ো ফলাফল দেখানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
এর পাশাপাশি তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে সতর্কবার্তা দেন, যাতে কেউ বিভ্রান্ত না হন। তাঁর কথায়, “টিভিতে যদি দেখায় ওরা জিতছে, মিথ্যে বলছে। আমরাই জিতব।” জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি জানান, কোনও শক্তির পক্ষেই তৃণমূলকে পরাজিত করা সম্ভব নয়।
শুধু ইভিএম বা ভোট প্রক্রিয়া নয়, বহিরাগতদের ব্যবহার করে ভোট লুটের চক্রান্তের অভিযোগও তুলেছেন তিনি। সাম্প্রতিক একাধিক সভাতেই এই প্রসঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। তাঁর দাবি, ভোটে প্রভাব ফেলতে টাকা বিলির মতো কৌশল নেওয়া হচ্ছে। সেই কারণে তিনি ভোটারদের কাউকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না দেওয়ারও পরামর্শ দেন।
নির্বাচনের আগে এই ধরনের বিস্ফোরক অভিযোগ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তপ্ত করে তুলেছে। এখন দেখার, এই অভিযোগ-প্রত্যাঘাতের লড়াই ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে।





