কোচবিহার, ৬ আগস্ট: বাড়ির উঠোনে খেলছিল দেড় বছরের শিশু। পরিবারের সদস্যদের চোখের আড়াল হতেই আচমকা উধাও। মুহূর্তের মধ্যেই আনন্দের বিকেল পরিণত হল উৎকণ্ঠায়। কোচবিহারের নরুদ্দিন মোড় এলাকায় দেড় বছরের শিশু আয়ন হকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ। শিশুটির খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির উঠোনে খেলছিল আয়ন। পরিবারের সদস্যরা বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাঁকে আর উঠোনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। প্রথমে বাড়ির চারপাশ, প্রতিবেশীদের বাড়ি এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও শিশুটির কোনও খোঁজ মেলেনি।
ক্রমশ খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারাও অনুসন্ধানে নেমে পড়েন। গ্রামের রাস্তা, জলাশয়ের আশপাশ, ফাঁকা জায়গা এবং সম্ভাব্য সব এলাকায় খোঁজ চালানো হয়। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনও সন্ধান মেলেনি।
ঘটনার খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি নিখোঁজ শিশুর সন্ধানে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের আরও ব্যাপক তল্লাশি চালানো প্রয়োজন। অন্যদিকে, পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় প্রহর গুনছেন। তাঁদের একটাই আবেদন যত দ্রুত সম্ভব আয়নকে নিরাপদে ফিরিয়ে আনা হোক।
পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনার সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। শিশুটি নিজে কোথাও চলে গিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করেই স্পষ্ট হবে। আপাতত পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ছোট্ট আয়নের নিরাপদে ফিরে আসার আশাতেই অপেক্ষা গোটা এলাকার।





