কলকাতা, ২ মেঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শুক্রবার তিনি বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর প্রক্রিয়া যদি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলে, তবে তা গণতন্ত্রের জন্য “ভয়ংকর নজির” হয়ে উঠতে পারে।
কলকাতায় স্ট্রংরুম ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ইভিএমের নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ দায়িত্ব। অতীতের ব্যালট বাক্সের সময়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, তখনও দলীয় প্রতিনিধিরা স্ট্রংরুমের বাইরে নজরদারি রাখতেন। সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়-এর মতো নেতাদের সতর্ক অবস্থানকে সমর্থন জানান তিনি।
তবে নির্বাচন কমিশন-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আব্দুল্লাহ। তাঁর বক্তব্য, এখন আর ইভিএমে কারচুপির অভিযোগ ততটা নেই, বরং ভোটার তালিকা থেকেই নাম বাদ দেওয়ার প্রবণতাই বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। তাঁর মতে, এই এস আই আর প্রক্রিয়া বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
এক্সিট পোল নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। অতীতের অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, অনেক সময় এক্সিট পোল বাস্তব ফলাফলের সঙ্গে মেলে না। তাই চূড়ান্ত ফল ঘোষণার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।
এছাড়া কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন শেষ হতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে। হজ যাত্রার বিমানভাড়া বৃদ্ধি ও জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি সাধারণ মানুষের ওপর এর প্রভাবের কথা উল্লেখ করেন।
আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইরানকে ঘিরে সংঘাত দ্রুত শেষ হওয়া প্রয়োজন। সবশেষে বিশ্বজুড়ে শান্তি ফেরানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তাতেই সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।





