কলকাতা, ৫ আগস্টঃ চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘কালীঘাট তৃণমূল’-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আর্জিতে সায় দিল না আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, আপাতত বিদেশযাত্রার প্রয়োজনীয়তা আদালতের কাছে প্রমাণিত হয়নি। বরং বৃহস্পতিবারই তাঁকে এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, এসএসকেএম হাসপাতালে অভিষেকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। সেই বোর্ডের রিপোর্ট শুক্রবার কলকাতা হাই কোর্টে জমা পড়বে। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শুনানিতে অভিষেকের আইনজীবী দাবি করেন, বিদেশে চলমান চিকিৎসা পদ্ধতিতে ব্যাঘাত ঘটতে পারে। তাই তাঁর মক্কেল এসএসকেএমে যেতে রাজি নন এবং বিদেশেই চিকিৎসা করাতে চান। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। বিচারপতি পর্যবেক্ষণে বলেন, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়। আদালতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদনকারীর যথাযথ চিকিৎসা নিশ্চিত হওয়া, চিকিৎসা কোথায় হবে তা নয়।
বিচারপতি আরও উল্লেখ করেন, আবেদনকারীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। হেয়ার স্ট্রিট থানার একটি মামলায় তিনি অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেও বিভিন্ন তদন্ত এখনও চলছে। বৃহস্পতিবার আরও তিনটি এফআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। এই পরিস্থিতিতে বিদেশযাত্রার অনুমতি দেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ আদালত খুঁজে পায়নি। সেই কারণেই বিদেশ যাওয়ার আবেদন খারিজ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে জুলাই মাসেও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও আদালত প্রশ্ন তুলেছিল, কলকাতায় উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও কেন বিদেশে যেতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে গেলেও, শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি ফের কলকাতা হাই কোর্টে ফিরে আসে। বুধবারের রায়ে সেই অবস্থানই কার্যত বহাল রাখল হাই কোর্ট।





