কলকাতা, ৯ নভেম্বরঃ ডায়মন্ড হারবারের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় নতুন মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদ ঘিরে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সুস্মিতা রায়। পুলিশি হেফাজতে স্বামীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। শুধু স্বামীর নিরাপত্তা নিশ্চিত করাই নয়, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন সুস্মিতা। তাঁর আবেদনে সিবিআই তদন্তের পাশাপাশি বিকল্প হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আর্জি জানানো হয়েছে। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা।
গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। তদন্তকারীদের দাবি, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই ওই টাকার হদিশ পাওয়া গিয়েছে। যদিও প্রথম থেকেই এই টাকা উদ্ধারের ঘটনাকে পুলিশের সাজানো বলে অভিযোগ করে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী।
আদালতে জমা দেওয়া আবেদনে সুস্মিতার দাবি, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও দাবি, পুলিশি জিজ্ঞাসাবাদের নামে সুমিতের উপর লাগাতার শারীরিক ও মানসিক চাপ তৈরি করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে স্বামীর নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন সুস্মিতা।
উল্লেখ্য, শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন সুমিত রায়। ওই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন প্রথমে হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেও আদালতে গিয়েছিলেন তিনি। অবকাশকালীন বেঞ্চ জানিয়েছিল, জামিন দেওয়া হলে রাজনৈতিক ভাবে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ১৬ নভেম্বর তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা।
তার আগেই পুলিশি হেফাজতে অত্যাচারের অভিযোগ তুলে ফের আদালতের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী। ফলে ডায়মন্ড হারবারে টাকা উদ্ধার-কাণ্ড ঘিরে আইনি ও রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল।





