খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ ভোটের বছরে রাজ্য বাজেটে নতুন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বেকার যুবকদের জন্য ‘বাংলার যুব সাথী’ নামে একটি নতুন প্রকল্প চালুর কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে বলে জানানো হয়েছে।
বাজেটের আগে থেকেই নতুন কোনও প্রকল্প ঘোষণার জল্পনা চলছিল। অবশেষে বাজেট পেশের সময় সেই জল্পনা বাস্তবে রূপ নেয়। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সময় এই ঘোষণা করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বড় ভূমিকা নিয়েছিল। সেই মডেলকে সামনে রেখেই এবার যুব সমাজকে লক্ষ্য করে এই নতুন প্রকল্প আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণাও করা হয়েছে।
তবে এই প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনাও শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, চাকরি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি ঘোরাতেই সরকার এই ভাতার ঘোষণা করেছে। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষই এর জবাব দেবে।
রাজ্য সরকারের বর্তমান মেয়াদ মধ্য মে পর্যন্ত থাকায় পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছে। সেই বাজেটেই ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের ঘোষণা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার, এই প্রকল্প ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে।





