দিনহাটা, ৬ আগস্টঃ রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের আবহে কোচবিহারের দিনহাটা মহকুমার পুটিমারী-২ গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন করল বিজেপি। বৃহস্পতিবার আয়োজিত বিশেষ বৈঠকে প্রধান হিসেবে নির্বাচিত হন সোনালী চক্রবর্তী। উপপ্রধান নির্বাচিত হয়েছেন দীপালী রায়। নতুন বোর্ড গঠনের পর থেকেই এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।
বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন, স্থানীয় বিধায়ক অজয় রায়-সহ দলের একাধিক জেলা ও ব্লকস্তরের নেতা। নতুন প্রধান ও উপপ্রধানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পঞ্চায়েত চত্বরে ছিল উৎসবের আবহ।
বিজেপির দাবি, আইন অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক সদস্যের উপস্থিতিতেই বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দলের বক্তব্য, এক-তৃতীয়াংশ সদস্যের সমর্থন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বোর্ড গঠন করা হয়েছে। যদিও এ বিষয়ে বিরোধী শিবিরের প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।
নবনির্বাচিত প্রধান সোনালী চক্রবর্তী দায়িত্ব গ্রহণের পর জানান, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নই হবে তাঁদের মূল লক্ষ্য। পানীয় জল, গ্রামীণ রাস্তা, আবাসন, স্বাস্থ্য পরিষেবা এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
উপপ্রধান দীপালী রায়ের বক্তব্য, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করাই নতুন বোর্ডের প্রথম অগ্রাধিকার। তিনি বলেন, মানুষের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রেখে স্বচ্ছতা বজায় রেখে কাজ করবে পঞ্চায়েত।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন বলেন, গ্রামবাসীর স্বার্থকে সামনে রেখেই নতুন বোর্ড কাজ করবে। উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান। বিধায়ক অজয় রায়ও নতুন বোর্ডকে শুভেচ্ছা জানিয়ে এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নতুন বোর্ড গঠনের মধ্য দিয়ে পুটিমারী-২ গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক দায়িত্বে নতুন অধ্যায়ের সূচনা হল। এখন নজর, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন ও পরিষেবা প্রদানে নতুন নেতৃত্ব কতটা সফল হয়।





