শীতলকুচি, ২২ জুলাইঃ শীতলকুচি বিধানসভা ছাত্রপরিষদের নবগঠিত কমিটি ঘোষণার কয়েক দিনের মধ্যেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ১৬ জুলাই ঘোষিত কোচবিহার জেলা ছাত্রপরিষদের শীতলকুচি বিধানসভা কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাম থাকা রানা মণ্ডল প্রকাশ্যে ওই পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
একটি ভিডিও বার্তায় রানা মণ্ডল দাবি করেন, কীভাবে বা কারা তাঁকে সহ-সভাপতির দায়িত্ব দিয়েছেন, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। তাঁর বক্তব্য, তিনি সক্রিয়ভাবে রাজনীতি করেন না এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত কমিটিতে হঠাৎ নিজের নাম দেখে তিনি বিস্মিত হন।
ভিডিও বার্তায় রানা মণ্ডল বলেন, “কে বা কারা আমাকে শীতলকুচি বিধানসভার কংগ্রেস ছাত্রপরিষদের সহ-সভাপতির দায়িত্ব দিয়েছে, আমি জানি না। আমি রাজনীতি করি না। হঠাৎ করে আমার নাম দেখেছি। আমি এই কমিটি থেকে আমার নাম সরিয়ে নিতে চাই।”
রানা মণ্ডলের এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কমিটি গঠনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এ বিষয়ে কোচবিহার জেলা ছাত্রপরিষদের জেলা সভাপতি সিঞ্চন চক্রবর্তী জানান, স্থানীয় নেতৃত্বের পাঠানো নামের ভিত্তিতেই কমিটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, “স্থানীয় নেতৃত্বরা নাম পাঠিয়েছে, সেই অনুযায়ী কমিটিতে নাম রাখা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”





