উত্তর ২৪ পরগনা, ২৬ মেঃ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য-কে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার গভীর রাতে বাদুড়িয়া থানার পুলিশ তাঁকে আটক করে। অভিযোগ, তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে মিলে সরকারি ত্রিপল মজুত রাখা, গুরুত্বপূর্ণ সরকারি নথি পোড়ানো এবং বিপুল নগদ টাকা লুকিয়ে রাখার ঘটনা সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কয়েকজন বাসিন্দা দেখতে পান চেয়ারম্যানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে স্তূপ করে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছিল সরকারি কাগজপত্র। সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেন বাদুরিয়া থানা-এ। পুলিশ পৌঁছানোর আগেই দীপঙ্কর ভট্টাচার্য এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
পরে পুলিশ চেয়ারম্যানের পার্টি অফিস ও বাগানবাড়িতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল। অভিযোগ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ ত্রিপল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। এরপরই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়।
এদিকে চেয়ারম্যানের বাড়ির পাশের একটি কম্পিউটার সেন্টারেও হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। স্থানীয়দের দাবি, ওই সেন্টারের চাবি চেয়ারম্যানের কাছেই থাকত। উদ্ধার হওয়া টাকা গোনার জন্য রাতেই আনা হয় তিনটি টাকা গোনার মেশিন। পুলিশ সূত্রে খবর, প্রায় ৭৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছন বাদুড়িয়ার এসডিপিও ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নগদের উৎস, সরকারি সামগ্রী মজুত রাখা এবং নথি পোড়ানোর ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।





