দিনহাটা,২৪ সেপ্টেম্বর: গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনার মধ্যেই মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। বৃহস্পতিবার ওকরাবাড়িতে মির আল্লামা কবিরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনায় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এবং বিচারের আশ্বাস দেন বিধায়ক।
বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের মা। ছেলের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়ে বিধায়কের পায়ে পড়ে যান তিনি। পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন অজয়। তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন বলে জানা গিয়েছে।
পরিবারের অভিযোগ, মির আল্লামা কবিরকে সারা রাত ধরে মারধর ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছিল। পরিবারের দাবি, ওই রাতে ফোন করে তাঁদের কাছে এক লক্ষ টাকা দাবি করা হয়। সময়মতো সেই টাকা দিতে না পারায় কবিরের উপর রাতভর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, পরের দিন সকালে পুলিশ তাঁকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। যদিও ঠিক কী কারণে এবং কোন পরিস্থিতিতে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
ঘটনার পর মৃতের পরিবারের তরফে মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার নেপথ্যে কী ঘটেছিল, কারা কী ভাবে যুক্ত ছিল এবং যুবকের উপর আদৌ কতক্ষণ ধরে নির্যাতন চালানো হয়েছিল তদন্তে সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।
এদিকে বিধায়কের বাড়িতে আসাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়। তবে স্বজন হারানোর শোকের সঙ্গে এখন পরিবারের একটাই দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক।





