নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলেছিল সরকারি ভবনের নামফলক। নীল-সাদার জায়গায় কোথাও জায়গা করে নিয়েছিল গেরুয়া। এ বার শুধু ফলক নয়, বদলে যেতে চলেছে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নের গোটা বহিরঙ্গও। তবে নতুন রং যে গেরুয়া হচ্ছে না, তা স্পষ্ট। নবান্ন সূত্রে খবর, হলুদ ও সাদার মিশ্রণে নতুন করে সাজিয়ে তোলা হবে রাজ্যের প্রশাসনিক ভবনকে। কোথাও কোথাও সাদার পরিবর্তে ঘিয়ে রঙের ব্যবহারও হতে পারে। প্রশাসনের একাধিক স্তরে আলোচনার পরই এই রঙের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে খবর। খুব শীঘ্রই শুরু হতে পারে রং করার কাজ।
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সরকারি পরিকাঠামোয় রঙের বদল নিয়ে চর্চা শুরু হয়েছিল। এত দিন বিভিন্ন সরকারি ভবন, উড়ালপুল এবং রাস্তার পরিকাঠামোয় নীল-সাদা রঙের আধিপত্য ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু জায়গায় সেই রঙের পরিবর্তে গেরুয়া এবং হলুদ-সাদা রঙের ব্যবহার শুরু হয়। সরকারি ভবনের নামফলকেও তার ছাপ পড়ে। কয়েক মাস আগেই নবান্নের নামফলকে নীল-সাদার পরিবর্তে গেরুয়া রং করা হয়েছিল। বদল এসেছিল বিকাশভবনের নামফলকেও। এ বার সেই পরিবর্তনের পরিধি আরও বাড়তে চলেছে।
প্রশাসনিক সূত্রের খবর, নবান্নের নতুন রঙের ক্ষেত্রে একক কোনও রং নয়, বরং হলুদের সঙ্গে সাদা অথবা ঘিয়ে রঙের সংমিশ্রণকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে ভবনের চেহারায় আসবে নতুনত্ব। তবে ঠিক কোন অংশে কী রং ব্যবহার করা হবে, তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা রয়েছে প্রশাসনের। রঙের পাশাপাশি ভবনটির সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজও হবে। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে। দরপত্র সংক্রান্ত প্রক্রিয়া এগোলে দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু নবান্ন নয়, পাশের উপান্ন ভবনেও সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। ভবনটির ভিতরে ও বাইরে মেরামতির কাজ করা হবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রশাসনিক সদর দফতরের পাশাপাশি সংলগ্ন পরিকাঠামোও নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ দিকে, রাজ্যের প্রশাসনিক কাজকর্ম ফের মহাকরণ থেকে পরিচালিত হবে কি না, তা নিয়েও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল রয়েছে। তবে সূত্রের খবর, আপাতত পরিকাঠামোগত বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে মহাকরণে ফেরার সম্ভাবনা নেই। নবান্ন থেকেই প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবে সরকার।
সব মিলিয়ে রাজনৈতিক পালাবদলের পর এ বার প্রশাসনিক সদর দফতরের চেহারাতেও বড়সড় পরিবর্তনের প্রস্তুতি। ফলকের পর এবার গোটা ভবন। নীল-সাদার জায়গায় হলুদ-সাদার নতুন সাজে নবান্নকে কেমন দেখায়, এখন সেদিকেই নজর।





