আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ছ’ ট্রাকের পাল্টা দুই ট্রাক! ‘আসল তৃণমূল’ দাবিতে কমিশনের দরজায় মমতা শিবির

Published on: November 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লিঃ এক শিবিরের দাবি, ছ’ ট্রাক নথিই প্রমাণ করবে তারাই আসল তৃণমূল। পাল্টা শিবিরের জবাব, দুই ট্রাক নথিতেই রয়েছে নিজেদের দাবির সপক্ষে প্রমাণ। ‘আসল তৃণমূল’ কারা, সেই প্রশ্নে এ বার দিল্লির নির্বাচন কমিশনের সদর দফতরে নথির লড়াই আরও জমে উঠল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নথি জমার পর এ বার দুই ট্রাক ভর্তি নথি কমিশনে জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির।

শনিবার দিল্লিতে কমিশনের দফতরে গিয়ে নথি জমা দেন কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন। পরে দফতর থেকে বেরিয়ে কল্যাণ জানান, জমা দেওয়া নথিতে রয়েছেন ৩২ জন বিধায়কের হলফনামা। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৯ জন সাংসদের হলফনামাও জমা পড়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই ১৯ জনের মধ্যে আট জন লোকসভার এবং ন’জন রাজ্যসভার সাংসদ। এনসিপিআইতে যোগ দেওয়া কেউ এই হলফনামায় সই করেননি বলেও দাবি করেছেন তিনি।

২৬-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্দরে ক্ষমতা দখলের লড়াই প্রকাশ্যে এসেছে। নির্বাচনে ৮০টি আসনে জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আলাদা অবস্থান নেন ঋতব্রত। তাঁর নেতৃত্বে ৬৩ জন বিধায়ক বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি। সেই সংখ্যার জোরেই নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। দলের নাম, প্রতীক, সংগঠন এবং তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েই এখন মূল সংঘাত।

এই পরিস্থিতিতে দুই পক্ষের কাছেই নিজেদের সাংগঠনিক বৈধতার প্রমাণ চেয়েছে নির্বাচন কমিশন। কয়েক দিন আগেই ঋতব্রতপন্থীরা ছ’ ট্রাক ভর্তি নথি কমিশনে জমা দিয়েছিলেন। সেই নথিতে কয়েক লক্ষ পৃষ্ঠা রয়েছে বলে দাবি করা হয়। তবে ওই নথির প্রতিলিপি কালীঘাট শিবিরকে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নথির প্রতিলিপি দেওয়ার দাবি তুলেছিল মমতা শিবির। পাল্টা ঋতব্রতপন্থীদের যুক্তি ছিল, নথি প্রকাশ্যে এলে তাতে স্বাক্ষরকারীদের উপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি হতে পারে।

এ বার নিজেদের পাল্টা নথি জমা দিয়ে সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল কালীঘাট। কমিশনের দফতর থেকে বেরিয়ে কল্যাণ ফের আক্রমণ শানান ঋতব্রতকে। দুই শিবিরের এই পাল্টাপাল্টি দাবির মধ্যে শেষ পর্যন্ত কারা তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীকের অধিকার পাবে, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর। ফলে শুধু বিধায়ক বা সাংসদের সংখ্যা নয়, দলীয় সংগঠন ও সাংবিধানিক নথির গ্রহণযোগ্যতাই এখন নির্ণায়ক হয়ে উঠতে চলেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment