আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রথম যাত্রী হয়ে টিকিট কেটে দিনহাটা–শালমারা বাস পরিষেবার সূচনা বিধায়ক অজয় রায়ের

Published on: October 1, 2026
---Advertisement---

দিনহাটা, ১ অক্টোবরঃ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ। দিনহাটার তিনটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রুটে ফের চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) বাস পরিষেবা। বৃহস্পতিবার সকালে দিনহাটা ডিপো থেকে দিনহাটা–শালমারা, দিনহাটা–কুর্শাহাট এবং দিনহাটা–চৌধুরীহাট রুটে বাস চলাচলের আনুষ্ঠানিক সূচনা হয়। নতুন পরিষেবার প্রথম যাত্রী হয়ে নিজেই টিকিট কেটে বাসে উঠে সফর করলেন দিনহাটার বিধায়ক অজয় রায়।

বৃহস্পতিবার সকাল থেকেই দিনহাটা ডিপো চত্বরে ছিল ব্যস্ততা। তিনটি রুটে বাস পরিষেবা ফের চালু হওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও তৈরি হয় আগ্রহ। দিনহাটা–শালমারা রুটের বাসের প্রথম টিকিটটি কাটেন বিধায়ক নিজেই। এরপর বাসে কিছুটা পথ সফর করে পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে দিনহাটার এই তিনটি রুটে আগের মতো এনবিএসটিসি-র বাস পরিষেবা পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন অজয় রায়। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পরিষেবা ফের চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, গ্রামীণ এলাকার বহু মানুষ প্রতিদিন কাজ, পড়াশোনা, চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে দিনহাটা শহরে যাতায়াত করেন। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় তাঁদের যাতায়াত আরও সহজ হবে।

স্থানীয়দের একাংশের দাবি, সরকারি বাসের পরিষেবা বন্ধ বা অনিয়মিত থাকলে অনেক সময় বেসরকারি যানবাহনের উপর নির্ভর করতে হয়। ফলে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি খরচের পাশাপাশি সময় নিয়েও সমস্যা তৈরি হয়। এনবিএসটিসি-র বাস নিয়মিত চললে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা তাঁদের।

তবে পরিষেবা চালু হওয়ার পাশাপাশি বাসগুলি নির্ধারিত সময় মেনে নিয়মিত চলাচল করে কি না, সেদিকেও নজর রয়েছে যাত্রীদের। তাঁদের মতে, দীর্ঘদিন পর বাস পরিষেবা ফিরেছে, এখন নিয়মিত পরিষেবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিনের অনুষ্ঠানে বিধায়ক অজয় রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দিনহাটা-২ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ বর্মন, জেলা বিজেপি নেত্রী নবনীতা কর্মকার-সহ দলের অন্যান্য নেতা-কর্মী। তিনটি রুটে বাস পরিষেবা ফের চালু হওয়াকে ঘিরে দিনহাটার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment