নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভাবস্থাতেই সচেতনতার উপর জোর দিল কোচবিহারের পিকে সাহা হাসপাতাল। হবু মায়েদের সুস্থতা এবং নবজাতকের সুরক্ষার লক্ষ্যেই হাসপাতালের উদ্যোগে আয়োজিত হল বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি।
কর্মসূচিতে অংশ নেন একাধিক গর্ভবতী মহিলা। তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি মাতৃ ও শিশুর সুস্থতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গর্ভাবস্থায় সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তস্বল্পতা প্রতিরোধ, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী পরিচর্যা, সময়মতো টিকাকরণ এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার সুবিধা সম্পর্কে সচেতন করা হয় উপস্থিত মহিলাদের।
চিকিৎসকদের বক্তব্য, গর্ভাবস্থায় সামান্য অসতর্কতাও মা ও শিশুর স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই নির্ধারিত সময়ে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং প্রয়োজনীয় টিকা নেওয়া অত্যন্ত জরুরি। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পরিবারকেও সমানভাবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শুধু চিকিৎসা পরিষেবা নয়, সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো সম্ভব। সেই লক্ষ্যেই নিয়মিত এ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। উপস্থিত হবু মায়েরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ পেয়ে তাঁদের নানা সংশয় দূর হয়েছে এবং গর্ভাবস্থার পরিচর্যা সম্পর্কে আরও সচেতন হয়েছেন।





