মাথাভাঙ্গা, ১৯ সেপ্টেম্বরঃ হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোট ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাথাভাঙ্গা থানার পুলিশ। শনিবার থানায় আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মালিকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল হারানো বা চুরির অভিযোগ পাওয়ার পরই সেগুলি উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়। আধুনিক প্রযুক্তি ও ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাই করে ফোনগুলির প্রকৃত মালিকদের চিহ্নিত করা হয়।
শনিবার থানায় আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলি একে একে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে পুলিশের উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি শুভজিত ঝা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য এই ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।





