কলকাতা, ২১ এপ্রিলঃ ‘ছাব্বিশের নির্বাচনী যুদ্ধ’-এর শেষ লগ্নে বড়সড় শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৭ এপ্রিল শেষ দফার প্রচারে নামছেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতাজুড়ে একটি মেগা মিছিলের মাধ্যমে প্রচারের শেষ পর্বে ঝড় তুলতে চলেছেন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই মহামিছিল শুরু হবে যাদবপুর থেকে এবং শেষ হবে ভবানীপুরে। মাঝপথে টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র অতিক্রম করবে এই মিছিল। নির্বাচনের ঠিক আগে এই রোড শোকে ঘিরে তৃণমূল শিবিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, শেষ মুহূর্তে ভোটারদের কাছে পৌঁছাতে এবং দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতেই এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ কলকাতার এই কেন্দ্রগুলি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, বিরোধীরাও শেষ মুহূর্তে নিজেদের প্রভাব বাড়াতে সক্রিয়। ফলে এই মহামিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শনে কোনও খামতি রাখতে চাইছে না ঘাসফুল শিবির।
জানা গিয়েছে, মিছিল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হবে। বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় পুলিশ প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। তৃণমূল নেতৃত্বের আশা, এই মিছিল ঘিরে সাধারণ মানুষের বিপুল সাড়া মিলবে এবং তা ভোটের ফলাফলেও ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, নির্বাচনের শেষ পর্যায়ে প্রায় সব দলই তারকা প্রচারক ও হেভিওয়েট নেতাদের নিয়ে ময়দানে নামছে। সেই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহামিছিল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার, শেষ মুহূর্তের এই প্রচার ভোটের লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারে।





