মালদহ, ১৬ ফেব্রুয়ারি: চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল মালদহে। অভিযোগের তির জাতীয় সড়কের ধারে অবস্থিত মালদহ মিশন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতারিতদের দাবি, কাজ দেওয়ার নামে প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা করে নেওয়া হলেও আজ পর্যন্ত কাউকেই কাজে যোগ দিতে বলা হয়নি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
জানা গিয়েছে, ২০২৫ সালে গড়ে ওঠা ওই নার্সিংহোম থেকে বিভিন্ন সমাজমাধ্যমে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি-সহ একাধিক পদে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদের কথা জানানো হয়েছিল। শুধু মালদহ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বেকার যুবক-যুবতী আবেদন করেন। অভিযোগ, ইন্টারভিউ প্রক্রিয়ার পর প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। হিসেব করলে কয়েক কোটি টাকা তোলা হয়েছে বলে দাবি প্রতারিতদের।
এছাড়াও ড্রেসের জন্য ৫ হাজার টাকা এবং দ্রুত কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়ে কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। শর্ত ছিল, দুই মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে। কিন্তু দুই মাস পেরিয়ে এক বছর কেটে গেলেও চাকরির কোনও হদিস মেলেনি।
টাকা ফেরতের দাবিতে নার্সিংহোমে গেলে কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ। এমনকি হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি। পরে প্রতারিতরা কালিয়াচক থানা-য় লিখিত অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে তাঁদের অভিযোগ। শেষমেশ জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





