খবরিয়া ২৪ ডেস্ক, ৩১ ডিসেম্বরঃ রাজ্য প্রশাসনে ইতিহাস তৈরি হল। নন্দিনী চক্রবর্তী রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। এতদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে থাকা নন্দিনীকে এবার প্রশাসনের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদে বসাল নবান্ন। মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এই প্রথম রাজ্যের প্রশাসনিক শীর্ষে থাকবেন একজন মহিলা মুখ্যসচিব, ফলে প্রশাসনের মাথায় এখন দুই মহিলা নেতৃত্বে থাকছেন।
এতদিন রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মনোজ পন্থ। ৩১ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে। উল্লেখযোগ্যভাবে, তিনি ইতিমধ্যেই ছ’মাসের এক্সটেনশনে ছিলেন। মুখ্যসচিব পদ থেকে অবসর নিলেও প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হচ্ছে না। রাজ্য সরকার তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে নিয়োগ করেছে। মুখ্যসচিবের সম মর্যাদায় থেকেই এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে প্রশাসনিক কাজকর্ম দেখভাল করবেন মনোজ পন্থ।
নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। মুখ্যসচিব পদে তাঁর নাম ঘোষণার আগে বরুণ রায়, অত্রি ভট্টাচার্য এবং প্রভাত মিশ্রের মতো অভিজ্ঞ আমলারাও এই দৌড়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত নন্দিনীর নামেই সিলমোহর পড়ে।
উল্লেখযোগ্যভাবে, নন্দিনী চক্রবর্তী বিভিন্ন সময়ে বিতর্কেও জড়িয়েছেন। সাম্প্রতিক অতীতে তিনি রাজ্যপালের প্রধান সচিব ছিলেন। সেই সময় রাজভবন ও নবান্নের মধ্যে টানাপোড়েন শুরু হয় তাঁকে সরানো নিয়ে। রাজভবন তাঁকে রিলিজ করতে চাইলেও নবান্ন প্রথমে নির্দেশ দেয় তিনি রাজভবনেই কাজ চালিয়ে যাবেন। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের আলোচনার পর নন্দিনীকে সরিয়ে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি ফের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পান।
এবার প্রশাসনের শীর্ষ পদে বসতে চলেছেন নন্দিনী চক্রবর্তী। তাঁর জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হচ্ছেন জগদীশ প্রসাদ মীনা। পাশাপাশি বরুণ রায়কে দেওয়া হয়েছে পর্যটন দপ্তরের দায়িত্ব। এই প্রশাসনিক রদবদলকে রাজ্যের প্রশাসনে একটি বড় এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল।





