নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে বড় ঘোষণা করল বিজেপি সরকার। সোমবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, হুগলির বলাগড় ব্লকের জিরাটে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংস্কার করা হবে। পাশাপাশি সেখানে তাঁর স্মৃতিতে গড়ে তোলা হবে ১২৫ ফুটের স্মৃতি সৌধ। একই সঙ্গে তাঁর নামে গ্রন্থাগার ও পার্ক তৈরির কথাও ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকারের তরফে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেটে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, আগামী দিনে ৬ জুলাই, অর্থাৎ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্য সরকারি ছুটি থাকবে। ফলে সরকারি কর্মীদের ক্যালেন্ডারে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন ছুটি। রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্যে শ্যামাপ্রসাদের ভাবমূর্তি ও রাজনৈতিক উত্তরাধিকারকে সামনে আনার ক্ষেত্রে সক্রিয় হয়েছে বিজেপি সরকার। এ দিনের বাজেট সেই রাজনৈতিক বার্তাকেই আরও স্পষ্ট করে দিল বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ।
রাজ্য সরকারের দাবি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। শুধু স্মৃতি সৌধ বা পৈতৃক বাড়ির সংস্কার নয়, তাঁর নামে গ্রন্থাগার ও পার্ক তৈরির পরিকল্পনাও সেই ভাবনারই অংশ। নবান্ন সূত্রে আগেই ইঙ্গিত মিলেছিল, কলকাতায় শ্যামাপ্রসাদের একটি বৃহৎ মূর্তি বা স্মারক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ দিনের বাজেট ঘোষণার পর সেই উদ্যোগ আরও স্পষ্ট রূপ পেল।
উল্লেখ্য, এ বছর ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই আবহেই বাজেটে তাঁর স্মৃতি সংরক্ষণে একগুচ্ছ ঘোষণা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একদিকে স্মৃতি সৌধ ও পৈতৃক ভিটে সংস্কারের মতো পদক্ষেপ, অন্যদিকে জন্মদিনে সরকারি ছুটি সব মিলিয়ে শ্যামাপ্রসাদকে ঘিরে বিজেপি সরকারের রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তা আরও জোরালো হল বলেই মত ওয়াকিবহাল মহলের।





