কোচবিহার, ২৯ জুনঃ বৃষ্টিভেজা সকাল। আকাশে মেঘের আনাগোনা, মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি। তবু তাতে ভক্তির টান একটুও কমেনি। পূর্ণিমা তিথিতে শতাব্দীপ্রাচীন রাজ-ঐতিহ্য মেনে রবিবার কোচবিহারের শ্রীশ্রী মদনমোহন মন্দিরে পালিত হল স্নানযাত্রা। মন্ত্রোচ্চারণ, শাস্ত্রবিধি এবং কঠোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০৮ কলস পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হল আরাধ্য দেবতা শ্রীশ্রী মদনমোহন দেবকে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমালেন হাজারো ভক্ত ও দর্শনার্থী।
মন্দিরের প্রাচীন রীতি অনুযায়ী প্রথমে পিতলের বিশেষ পাত্রে শ্রীশ্রী মদনমোহন দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। তার পর পুরোহিতেরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে একে একে গঙ্গাজল, মধু, ডাবের জল-সহ বিভিন্ন পবিত্র উপাদান এবং ১০৮ ঘটির জল দিয়ে দেবতার মহাস্নান সম্পন্ন করেন। প্রতিটি পর্বই শাস্ত্রবিধি মেনে সম্পন্ন হয়। রাজ আমল থেকে চলে আসা এই প্রথার সাক্ষী থাকতে প্রতি বছরই অসংখ্য মানুষ মন্দিরে ভিড় করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সকালের বৃষ্টিতে মন্দির প্রাঙ্গণ ভিজে গেলেও ভক্তদের উৎসাহে ভাটা পড়েনি। হাতে ফুল, ফল, প্রসাদ নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রভুর দর্শনের অপেক্ষা করেন অনেকে। কারও বিশ্বাস, এই শুভ তিথিতে মদনমোহন দেবের মহাস্নান দর্শন করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। সেই বিশ্বাসকেই সঙ্গী করে এদিন জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ জেলা থেকেও বহু মানুষ কোচবিহারে আসেন।
মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রতিবছরের মতো এবারও স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের আবেগ এবং অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও মানুষের উপস্থিতি স্পষ্ট করে দিল, কোচবিহারের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে শ্রীশ্রী মদনমোহন দেবকে ঘিরে আবেগ আজও একই রকম অটুট। রাজপরম্পরা, আচার-অনুষ্ঠান এবং মানুষের অগাধ বিশ্বাস এই তিনের মেলবন্ধনেই এদিনের স্নানযাত্রা ফের এক বার হয়ে উঠল কোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।






