নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দুপুরে বাড়ির দরজায় হাজির দুই অচেনা ব্যক্তি। দাবি, বাসন পরিষ্কার করে দেবেন। কথার ফাঁকে বাড়ির মালিকের হাতে থাকা সোনার আংটি পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব। আর সেই ‘পরিষ্কার’-এর ফাঁদেই নাকি হাতছাড়া হল প্রায় দেড় লক্ষ টাকার গয়না! দিনহাটা শহরের মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় এমনই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধুসূদন বিশ্বাসের বাড়িতে দুই ব্যক্তি এসে বাসন পরিষ্কার করার কথা বলেন। কথাবার্তার এক পর্যায়ে তাঁরা মধুসূদনবাবুর হাতে থাকা দু’টি আংটি পরিষ্কার করে দেওয়ার কথা বলেন। পরিবারের সদস্যদের আপত্তি থাকলেও তাঁদের কথায় রাজি হয়ে যান মধুসূদনবাবু। অভিযোগ, ওই দুই ব্যক্তির হাতে আংটি তুলে দেওয়ার পরই তাঁরা সুযোগ বুঝে সেগুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।
পরিবারের দাবি, ঘটনার সময় মধুসূদনবাবুর স্ত্রী ও মেয়ে একাধিক বার তাঁকে সতর্ক করেছিলেন। কিন্তু বিষয়টি বুঝতে না পেরে তিনি আংটি দু’টি ওই ব্যক্তিদের দিয়ে দেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে চলে যাওয়ার পরে বিষয়টি স্পষ্ট হয় পরিবারের কাছে। তখনই বুঝতে পারেন, ‘পরিষ্কার’ করার নাম করে গয়না নিয়ে চম্পট দিয়েছেন আগন্তুকেরা।
পরিবারের অনুমান, দু’টি আংটির মোট মূল্য দেড় লক্ষ টাকারও বেশি। ঘটনার পর দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান দিনহাটা থানার আইসি-সহ পুলিশ আধিকারিকরা। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই দুই ব্যক্তির গতিবিধি এবং তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।
অচেনা ব্যক্তির কথায় মূল্যবান গয়না হাতে তুলে দেওয়ার ঘটনা ফের প্রশ্ন তুলেছে বাড়ির নিরাপত্তা ও সচেতনতা নিয়ে। বাসন পরিষ্কারের ‘সহজ’ প্রস্তাবের আড়ালে যে এমন বড়সড় প্রতারণার ফাঁদ থাকতে পারে, তা টের পেতে অবশ্য সময় লেগে গেল পরিবারের।





