নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: তোর্ষার জল বাড়লেই যেন শুরু হয় এক অন্য লড়াই। টানা বৃষ্টি আর উজানের জলে ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ভেসে আসছে বড় বড় গাছের গুঁড়ি, ডালপালা ও কাঠ। আর সেই কাঠ ধরতেই প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে নেমে পড়ছেন বহু মানুষ।
রবিবার কোচবিহারের তোর্ষা নদীর বিভিন্ন ঘাটে দেখা গেল একই ছবি। প্রবল স্রোত উপেক্ষা করে কেউ সাঁতরে, কেউ বা দড়ির ভরসায় ভেসে আসা কাঠ টেনে তোলার চেষ্টা করছেন। নদীর মাঝামাঝি পর্যন্ত গিয়ে কাঠ ধরার ঘটনাও নজরে এসেছে। সামান্য অসাবধানতায় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থাকলেও তাতে ভ্রুক্ষেপ নেই তাঁদের।
স্থানীয়দের একাংশের দাবি, বর্ষার সময় নদীতে ভেসে আসা কাঠ বিক্রি করেই অনেক পরিবার কিছু অতিরিক্ত আয়ের সুযোগ পান। সেই কারণেই বিপদের ঝুঁকি জেনেও নদীতে নামছেন অনেকে। তবে প্রবল স্রোতে এই ভাবে কাঠ সংগ্রহ অত্যন্ত বিপজ্জনক বলে মনে করাচ্ছেন স্থানীয়রাই।
এ দিকে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে তোর্ষার জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সেই পরিস্থিতিতে নদীতে না নামার পরামর্শ দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবু পেটের টান যে অনেক সময় সব সতর্কবার্তাকেই হার মানায়, তোর্ষার পাড়ে রবিবারের ছবিই যেন তার প্রমাণ।





