বাঁকুড়া, ৪ মার্চঃ ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলে এক উষ্ণ ও হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হল লক্ষ্মী বরণ অনুষ্ঠান। উদ্যোগে ছিল তৃণমূল-এর ইন্দাস ব্লক শাখা। এলাকার মহিলাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়।
করিশুন্ডার গোবিন্দপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সেখ হামিদ এবং জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কন্যাকুমারী দে সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতে কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার হয়। মঞ্চ থেকে বক্তারা বলেন, একটি সমাজের প্রকৃত শক্তি তার নারীরাই। পরিবার থেকে শুরু করে সমাজ গঠনের প্রতিটি স্তরে তাঁদের অবদান অনস্বীকার্য। সেই অবদানকে স্বীকৃতি জানাতেই এই লক্ষী বরণ অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানে একের পর এক মহিলাকে ফুল, উলুধ্বনি ও শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরিবেশ হয়ে ওঠে আবেগ, সম্মান ও গর্বের মিলনক্ষেত্র। অংশগ্রহণকারী অনেকেই জানান, এমন সম্মান তাঁদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।
নেতৃত্বের বক্তব্যে নারী স্বনির্ভরতা, মেয়েদের শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা এবং গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের বিষয় উঠে আসে। ভবিষ্যতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করা এবং মহিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজনের আশ্বাসও দেওয়া হয়।
করিশুন্ডার এই লক্ষ্মী বরণ অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতার গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি; এটি ছিল নারীর মর্যাদা ও শক্তিকে সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় নারীই ঘরের লক্ষ্মী, নারীই সমাজের ভিত্তি।





