নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রাজ্য সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে বিজয় উল্লাসে মাতল সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কমিটি। সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের পেশ করা বাজেটকে জনমুখী ও কর্মচারীবান্ধব বলে দাবি করা হয়। বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা(ডিএ)ঘোষণাকে সংগঠনের পক্ষ থেকে ‘ঐতিহাসিক’ পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।
সংগঠনের সদস্যদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে দাবি-দাওয়া চলছিল, রাজ্য সরকারের এই ঘোষণা সেই দাবির প্রতি ইতিবাচক মনোভাবেরই প্রতিফলন। তাঁদের মতে, এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়বে এবং কর্মচারীদের মনোবলও আরও শক্তিশালী হবে। সেই কারণেই বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে সংগঠনের সদস্যরা আবির খেলেন, একে অপরকে মিষ্টিমুখ করালেন এবং আনন্দ উদযাপনে সামিল হন।
কর্মসূচিতে উপস্থিত জেলা কমিটির পদাধিকারীরা বলেন, রাজ্য সরকার যে ভাবে কর্মচারীদের কথা ভেবে বাজেটে এই ঘোষণা করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ভবিষ্যতেও কর্মচারীদের স্বার্থে এ ধরনের ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলেই তাঁদের আশা।
এ দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কমিটির একাধিক পদাধিকারী, সদস্য এবং সমর্থক উপস্থিত ছিলেন। বাজেটকে কেন্দ্র করে সংগঠনের এই উচ্ছ্বাস ও প্রকাশ্য সমর্থন জেলা প্রশাসনিক মহলেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।





