দিনহাটা, ৯ জুলাইঃ জনপ্রতিনিধির কাছে সরাসরি সমস্যার কথা জানাতে ভিড় জমালেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিনহাটার বুড়িরহাট বেসিক স্কুলে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের সঙ্গে মুখোমুখি হলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। রাস্তা, নিকাশি, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও আবেদন নিয়ে শিবিরে উপচে পড়ে ভিড়।
এদিন সকাল থেকেই বুড়িরহাট বেসিক স্কুল প্রাঙ্গণে বিভিন্ন এলাকার মানুষ হাজির হন। কেউ বেহাল রাস্তার সমস্যা, কেউ ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, আবার কেউ সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ নিয়ে বিধায়কের সঙ্গে দেখা করেন। একে একে সকলের বক্তব্য শোনেন অজয় রায়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বিধায়ক বলেন, সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শোনা এবং প্রশাসনের মাধ্যমে দ্রুত তার সমাধানের চেষ্টা করাই ‘জনতার দরবার’ কর্মসূচির মূল লক্ষ্য। মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি হলে প্রশাসনের প্রতি আস্থাও বাড়বে বলে তিনি মনে করেন।
অজয় রায়ের দাবি, এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে এলাকার উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো এবং সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই উদ্যোগ কার্যকর ভূমিকা নেবে।
শিবিরে উপস্থিত বাসিন্দাদের একাংশও এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, বিভিন্ন সমস্যার কথা সরাসরি বিধায়কের কাছে তুলে ধরার সুযোগ মিলেছে। এখন প্রশাসন কত দ্রুত সেই অভিযোগগুলির সমাধান করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।





